আমাদের সম্পর্কে
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও ক্রমবর্ধমান জনসংখ্যা, সীমিত মাথাপিছু জমি এবং স্বাস্থ্যগত নানা প্রতিবন্ধকতার কারণে এ দেশের বহু মানুষ এখনো চ্যালেঞ্জিং জীবনযাপন করছেন। কুসংস্কার, ধর্মান্ধতা, বাল্যবিয়ে, যৌতুক প্রথা এবং মাদকের মতো সামাজিক ব্যাধি সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করছে, যা সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ। পাশাপাশি, ভৌগোলিক অবস্থানের কারণে এ দেশের মানুষকে প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও চরম দারিদ্র্যের মুখোমুখি হতে হয়।
এ ধরনের বহুমুখী সামাজিক সমস্যার সমাধান কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়, এইসব সমস্যার সমাধানে বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতাকে সামনে রেখে, দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে একদল সমাজসচেতন মানুষের উদ্যোগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাতাইশ মঞ্জিল গ্রামে ‘অ্যাকশন ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন অ্যান্ড হিউম্যান এইড (আস্থা)’ নামে একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে।